বদরুলের শাস্তি দাবিতে উত্তাল সিলেট

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টাকারী বদরুল আলমের শাস্তি দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভে সিলেট নগরী ছিল উত্তাল।
 
নগরীর বিভিন্ন স্থানে বদরুলের শাস্তি দাবি করে বিক্ষোভ হয়। হামলার প্রতিবাদে বুধবার ঘটনাস্থল এমসি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ পালন করে সেখানকার শিক্ষার্থীরা। বিক্ষোভ পালন করেছেন খাদিজার নিজ এলাকা সদর উপজেলার মোগলগাওয়ের আউসা গ্রামের এলাকাবাসী। এছাড়া একই দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সিলেট সরকারি মহিলা কলেজের অ্যালামনাই এসোসিয়েশন, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস), 'আমরাই পারি' পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা জোট, সিলেট ও এশিয়া ছিন্নমূল  মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। 
 
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকালে খাদিজা আক্তার নার্গিসকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে  কুপিয়ে জখম করে বদরুল আলম। বদরুলের প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় খাদিজার এই পরিণতি। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিল। তবে ছাত্রলীগ তার পদ খারিজের দাবি করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। কলেজছাত্রীকে হত্যাচেষ্টার কারণে শাবি থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার বদরুলকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি