বাংলাদেশকেই ফেভারিট বলছেন ইংলিশ অধিনায়ক

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ফেভারিট এবং নিজেদের আন্ডারডগ মানছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডের আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘সম্প্রতি ওয়ানডে সিরিজগুলোতে শতভাগ সাফল্য পেয়েছে বাংলাদেশ। তাদের সামনে আমাদের আন্ডারডগ মেনে নিতে কোন সমস্যা নেই।’
 
দেশের মাটিতে দ্বিপক্ষীয় সর্বশেষ ৬টি সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ। শুধুমাত্র সিরিজ জয়ই নয়, পারফরমেন্সের দিক দিয়েও উজ্জল ছিলো টাইগাররা। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলগুলোকে হারিয়েছে তারা। তাই সাম্প্রতিক পারফরমেন্সের বিচারেই বাংলাদেশকে ফেভারিট বলছেন ইংলিশ দলপতি বাটলার, ‘ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী দল। সাম্প্রতিক ওয়ানডে সিরিজগুলোতে বাংলাদেশের সাফল্যের দিকে তাকালে একথা মানতেই হবে। তাই বাংলাদেশের সামনে আমাদের আন্ডারডগ মেনে নিতে মোটেও কোন সমস্যা নেই। কেননা কখনও কখনও আন্ডারডগ তকমাটি আমাদের সাথে ভালো মানায়।’ 
 
সম্প্রতি ভালো করায় বাংলাদেশকে অনেক বেশি সমীহ’র চোখে দেখছেন বাটলার। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়কে অনেক চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জের। ওয়ানডে ক্রিকেটে বদলে যাওয়া এই দলটির কাছেই আমরা ২০১৫ বিশ্বকাপে হেরেছি। তাছাড়া এখানকার কন্ডিশনও ভালো না। আমাদের জন্য বেশ কঠিন কন্ডিশন। খাপ খাওয়ানো খুবই কঠিন। তারপরও আমরা তাদের প্রতিটি বিভাগের স্কিল সম্পর্কে জানতে পেরেছি। এসব নিয়ে কিভাবে দলটির বিপক্ষে ভালো খেলা যায় সেদিকে আমাদের নজর।’
 
বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার স্মৃতি বেশ টাটকা বাটলারের কাছে। কিন্তু ঐ হারের প্রতিশোধ নিতে চান না তিনি। সিরিজের দিকেই বেশি মনোযোগ দিতে চান বাটলার, ‘হারের প্রতিশোধ নেয়ার বিষয় নয় এটি। যদি বর্তমান স্কোয়াডের দিকে তাকান তবে অনেকেই বিশ্বকাপের ঐ ম্যাচে ছিল না। তাই প্রতিশোধের কোনও বিষয় এখানে নেই। আমরা আমাদের ভালো খেলার দিকেই মনোযোগ দিতে চাই। সিরিজ নিয়েই বেশি ভাবতে চাই।’
 
চ্যালেঞ্জিং সিরিজের শুরুটা দুর্দান্ত চাইছেন বাটলার। দলের সকলের কাছে ভালো পারফরমেন্স আশা করছেন তিনি, ‘সিরিজ জিততে হলে দু’টি ম্যাচে জয় পেতে হবে। তবে প্রথম ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ভালোভাবে শুরু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করছি দলের সবাই দারুন পারফরমেন্স করবে এবং জ্বলে উঠবে। তবে সিরিজের শুরুটা ভালোভাবে করা যাবে।’
 
মূল লড়াইয়ের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ইংল্যান্ড। প্রস্তুতিমূলক ম্যাচে দারুন এক জয় পেয়েছে সফরকারীরা। তাই ঐ ম্যাচটি অনেক বেশি কাজে দিবে বলে মনে করেন বাটলার, ‘প্রথম ওয়ানডে ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। প্রস্তুতি ম্যাচে দারুন অনুশীলন হয়েছে আমাদের। ঐ দিন অনেক গরমের মধ্যে মানিয়ে নিতে পেরেছি এবং ভালো পারফরমেন্স করেছি। সবাই খুব ভালো খেলেছে। তাই ম্যাচটি জিততে পেরেছি আমরা। প্রস্তুতিমূলক ম্যাচের মত ওয়ানডে সিরিজেও ভালো খেলতে হবে আমাদের।’ বাসস।
 
ইত্তেফাক/এসএসএ