কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র পাকা ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর বর্তমানে গাছতলায় চলছে পাঠদান কার্যক্রম। এতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর ১৯৯৩-৯৪ অর্থবছরে পিইডিপি-২ প্রকল্পের আওতায় চার কক্ষ বিশিষ্ট একটি বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। কিন্তু ভবন নির্মাণের ২২ বছর না যেতেই ছাদ ও দেয়ালের পলেস্তরা ও বিম খসে পড়াসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পর উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী এমএ আজিজ পরিদর্শন শেষে গত ৮ সেপ্টেম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানান। এরপর থেকে খোলা আকাশের নিচে গাছতলায়ই চলছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার জানান, বিদ্যালয়ে ২১৩ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করায় খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে আমাদের ভোগান্তির শেষ নেই। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক জানান, অবিলম্বে ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। তবে আপাতত টিনশেডের ব্যবস্থা করার জন্য ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে।
ইত্তেফাক/এএন