সড়ক বেহাল হওয়ায় দুর্ভোগে পবিপ্রবি’র শিক্ষার্থীরা

দুমকির শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের একটি সড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
এছাড়া সড়কের উভয় পাশে কাঁচামাল ও মাছের বাজার বসায় প্রস্থ কমে  গেছে অর্ধেকেরও বেশি। এদিকে বিশ্ববিদ্যালয়টির জার্মপ্লাজম সেন্টার, প্ল্যান্ট প্যাথোলজি, এগ্রোনমি ফিল্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি এবং দুটি আবাসিক হলে যাতায়াতের একমাত্র সড়কটিতে কাঁচা বাজারের উচ্ছিষ্টাংশ ফেলে রাখায় দুর্গন্ধ ছড়ানোসহ বর্ষাকালে কাদাজলে একাকার হয়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
 
এম কেরামত আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সড়কটির বেহাল অবস্থার জন্য ইউনিয়ন পরিষদের অব্যবস্থাপনাকে দায়ী করে বলেন, সড়কের এমন দশায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সংস্কার দাবি করেছেন তিনি।  দুমকি উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান জানান, সড়কের ময়লা অপসারণের জন্য বণিক সমিতিকে বলা হয়েছে এবং অচিরেই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুর্গন্ধ ও ময়লা অপসারণের ব্যবস্থা করা হবে। অপরদিকে পবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর জেহাদ পারভেজ জানান, সড়কটি ইউনিয়ন পরিষদের আওতায় হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংস্কার করতে পারছে না। শিক্ষার্থীদের এমন দুর্ভোগে বিপাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বলেন, আশা করছি সড়কের ময়লা অপসারণ ও সংস্কারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
 
 

ইত্তেফাক/এএন