দৈনিক ইত্তেফাক পরিদর্শনে সুইডিশ রাষ্ট্রদূত

সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রী সেল গতকাল বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাক কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময়ে রাষ্ট্রদূতকে দৈনিক ইত্তেফাকের বর্ণিল ইতিহাস, এদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনে ইত্তেফাকের অগ্রণী ও নেতৃস্থানীয় ভূমিকা সম্পর্কে অবহিত করেন তাসমিমা হোসেন।

তিনি বাংলাদেশের সংবাদপত্র ও গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, মুক্ত সাংবাদিকতার হাল নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাষ্ট্রদূতের সঙ্গে। রাষ্ট্রদূত জানান, সুইডেন এ বছর সংবাদপত্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ করেছে। ১৭৬৬ সালে সুইডেনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়। বাংলাদেশে সাংবাদিকতার বিকাশ ও মানোন্নয়নে অভিজ্ঞতার আলোকে বিশেষজ্ঞ সহায়তা দেবে সুইডেন।

২০১৭ সাল থেকে পাঁচ বছরের জন্য একটি বৃহত্ ও পূর্ণ কর্মসূচির মাধ্যমে বাস্তবভিত্তিক এই প্রশিক্ষণ পরিচালিত হবে। সুইডেনের কালমার শহরভিত্তিক সাংবাদিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফয়ো এবং বাংলাদেশের মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এম আর ডি আই) যৌথভাবে অংশীদারিত্বের ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে বলে রাষ্ট্রদূত জানান। রাষ্ট্রদূত প্রশিক্ষণ কার্যক্রম ও সাংবাদিকতার মানোন্নয়নে সহায়তা চাইলে ইত্তেফাক  সম্পাদক পূর্ণ প্রতিশ্রুতি দেন। বৈঠকে ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত ও কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম এবং সুইডিশ দূতাবাসের কাউন্সিলর মিয়া হেলেন উপস্থিত ছিলেন।