রায়পুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর্কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উত্তর কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঐ ছাত্রীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
অভিযুক্ত মো. শাহজাহান (৩৫) নামের ঐ ব্যক্তি উত্তর কেরোয়া গ্রামের খালপাড় পাটোয়ারী বাড়ির আলী আজমের ছেলে।
 
ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ছাত্রীর মা ও বাবা জানান, বিকালে মাদ্রাসা থেকে ফেরার পথে শাহজাহান তার স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিত্কার শুনে লোকজন এগিয়ে আসলে শাহজাহান পালিয়ে যায়। পরে শিশুনির্যাতিত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে শিশুটিকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিত্সকদের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ফাওয়াজ বিন ইউসুফ সাংবাদিকদের জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন থাকায় সদর হাসপাতালে ভতির পরমার্শ দেয়া হয়েছে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ বিষয় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে শাহজাহান পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএস