লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন (৫৫) নোয়াখালীর আন্ডার চর এলাকার মৃত আবদুল হকের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নে সিরাজ মাঝির বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদলের হামলায় গুরুতর আহত হন গৃহকর্তা মুজিবুল হক মাঝি। ওই বাড়ি থেকে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। পরে ডাকাতদল এলাকার অন্যান্য বাড়িতেও হানা দেয়। ফিরে যাওয়ার সময় ডাকাতদলের সদস্য আবুল এলাকাবাসীর হাতে আটক হন এবং গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
গৃহকর্তা মুজিবুল হক নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ