'সারা দেশের পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা'

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, 'রাজধানীসহ সারা দেশের ২৯ হাজার ৭০০টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।'
 
তিনি শুক্রবার সকালে রাজধানীর গুলশান-বনানীর পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের অপারেশন ডিরেক্টর মাহাবুবুল আলম, র‌্যাবের মিডিয়া ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, উপ-পরিচালক মেজর রইছুল আজম মনি, সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভূঁইয়া ও গুলশান-বনানী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন ফাউন্ডেশনের সভাপতি সুবাস চন্দ ঘোষ।
 
এ সময় র‌্যাব ডিজি বলেন, 'হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল শারদীয় দুর্গাপূজা। আজ শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে প্রায় ২৯ হাজার ৭০০টি পূজামণ্ডপে এই উৎসব শুরু হচ্ছে। গত বছর দেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল ২২ হাজার। এবছর আরো ৭ হাজার পূজামণ্ডপ বৃদ্ধি পেয়েছে। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় এলিট ফোর্স র‌্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।'
 
সারা দেশে র‌্যাবের ১৪টি ব্যাটালিয়ন ও ৫৪টি ক্যাম্প রয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, 'প্রতিটি পূজা মণ্ডপে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড,টহল টীম ইউনিট, সিসি টিভি ক্যামেরা, স্টাইকিং ফোর্স ও হেলিকপ্টারে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।'
 
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। যাতে করে সবাই উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা পালন করতে পারে, আমরা তার ব্যবস্থা করব। আমরা আশা করি, এবছর শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ উৎসব পালিত হবে।
 
এর আগে র‌্যাব ডিজি রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উৎযাপন ফাউন্ডেশন কর্তৃপক্ষের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং পূজামণ্ডপ ঘুরে দেখেন ও সার্বিক খোঁজ-খবর নেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস