ভুরুঙ্গামারীতে ইভটিজিংয়ের দায়ে কলেজ ছাত্রের ৬ মাসের জেল

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শুক্রবার সন্ধ্যায় ইভটিজিংয়ের অভিযোগে এক কলেজ ছাত্রকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
জানা গেছে, দেওয়ানের খামার গ্রামের মৃত মোসলিম উদ্দিনের পুত্র, কারমাইকেল কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র জাহেদুল ইসলাম (২৪) একই গ্রামের কলেজ মোড়ের সেনাবাহিনীর সদস্য হাফিজুর রহমানের কন্যা, নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো। এ ব্যাপারে হাফিজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ জাহেদুলকে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের অফিস কক্ষে ভ্রাম্যমান আদালত বসানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।