গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারের একটি মোটরসাইকেল মেকারের দোকান থেকে দুটি তাজা হাত বোমা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার হেমায়েতপুর বাজারের রমজান আলীর মোটরসাইকেল মেকারের দোকান থেকে বোমা দুটি ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু কর্মচারীকে থানায় নিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত বোমা দুটি পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। মোটরসাইকেল মেকানিক রমজান আলী আমতৈল গ্রামের আবু হুরাইরার ছেলে।
গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান জানান, হেমায়েতপুর বাজারের রমজান আলীর মোটরসাইকেল মেরামতের দোকানে বোমা ও গাঁজা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে সংবাদ দিলে সে গুলো উদ্ধার করা হয়। তবে মোটর-মেকানিকের দু কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার দেখানো হয়নি।
মোটরসাইকেল মেকানিক রমজান আলী জানান, তাকে ফাঁসাতেই তার দোকানে কে বা কারা বোমা ও গাঁজা রেখেছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/আরএ