চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক যুবক তার সাবেক স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা এবং স্ত্রীর মা ও ভাইকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর সুমন নামের ওই যুবককে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার ধাইনগর ইউনিয়নে চৈতন্যপুর বামন গাঁ গ্রামের ছাত্রশিবিরের সাবেক কর্মী সুমন আলি (২৮) শুক্রবার রাত পৌণে ১১টার দিকে তার সাবেক স্ত্রী (তালাক দেয়া) একই গ্রামের কাচু মণ্ডলের মেয়ে সীমা বেগমকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। এ সময় সীমার মা মোসা. দিলু বেগম ও ভাই কামরুল হাসান বাধা দিতে গেলে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী সুমনকে আটক করে ইউপি চেয়ারম্যান মো. তাবারিয়া চৌধূরীর মাধ্যমে পুলিশে সোপর্দ করেন।
দুইজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘পাঁচ বছর আগে সীমার সঙ্গে সুমনের বিয়ে হয়ে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সীমার উপর নির্যাতন চালাতেন সুমন। কিন্তু সীমা ও তার পরিবার যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তিন বছর আগে সুমন তালাক দেয় সীমাকে। সিয়াম নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সারওয়ার জাহান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ