মানিকগঞ্জে জামায়াতকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

 
মানিকগঞ্জে জঙ্গীবাদ প্রতিরোধ ও জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সদর মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরন মঞ্চ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
 
এতে বক্তারা বলেন, যে জামায়েতে ইসলাম স্বাধীনতা বিরোধীতা করে ছিল তারাই এখন জঙ্গিবাদের পরিকল্পনা নিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।এদেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই।তাই আমাদের দাবি জামাতসহ ধর্ম ভিত্তিক সব রাজনৈতিক দলকে আইন করে এই দেশ থেকে নিষিদ্ধ করা হোক। 
 
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড আজহারুল ইসলাম, সদর মুক্তিযোদ্ধা সংসদ- এর কমান্ডার ওবায়দুল ইসলাম ইয়াকুব, নারী নেত্রী লক্ষী চ্যাটার্জী, জেলা গণজাগরন মঞ্চের আহবায়ক মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।
 
 
ইত্তেফাক/কেকে