নাব্য সংকট : শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

নাব্য সংকট এবং ড্রেজার বসানোর কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডুবোচরে আটকা পড়ছে ফেরি।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে নাব্য সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। সাধারণত ফেরি চলতে ৬০ ফুট প্রশস্ততা লাগে। নাব্য সংকট এবং চ্যানেল সরু হওয়ায় এই রুটের লৌহজং টার্নিংয়ে ফেরি স্বাভাবিকভাবে চলতে পারছে না। লৌহজং চ্যানেলে পানির গভীরতা রয়েছে ৬ থেকে সাড়ে ৬ ফুট। এছাড়া চ্যানেলটি সরু। চ্যানেলটির প্রশস্ততা ১২০ ফুট। কিন্তু ড্রেজার বসানোর পর তা ৬০ ফুট কমে গেছে।
 
সূত্র জানায়, নব্যতা ও ড্রেজিংয়ের কারণে ফেরিগুলো আটকে যাওয়ায় পর্যাপ্ত লোড ফেরিগুলো নিতে পারছে না। ফলে ফেরি আটকে গেলে যানজট ও জন দুর্ভোগ দেখা দেয়।
 
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, দিনের বেলায় স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল করলেও অনেক সময় জোয়ারের জন্য ফেরি চলাচল অপেক্ষায় থাকতে হয়।
 
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ফেরি স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহনের জট লেগেই থাকছে। রাতে শুধু রো রো ফেরি চলাচল করতে পারে।
 
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। বাসস।