মরক্কোর নির্বাচনে ইসলামি মধ্যপন্থীদের জয়

মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ইসলামিক জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) জয়ী হয়েছে। ১৯৫৬ সালে স্বাধীনতা লাভের পর এটি মরক্কোর ১০ম পার্লামেন্ট নির্বাচন। পিজেডি পেয়েছে ৯৯টি আসন।
 
তারা ২০১১ সাল থেকে কোয়ালিশন সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অথেনটিসিটি এন্ড মডারনিটি পার্টি (পিএএম) পেয়েছে ৮০টি আসন। দেশের সবচেয়ে পুরনো দি ইসটিকলাল পার্টি ৩১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দলের প্রতি জনগণের জোরালো সমর্থন ফুটে উঠেছে।
 
পিজেডির সাধারণ সম্পাদক আবদেলিলাহ বেনকিরেন বলেছেন, এটি গণতন্ত্রের বিজয়। আমরা বিগত মেয়াদে যে ভালো কাজ করেছি তার পুরস্কার দিয়েছে জনগণ।
 
বিরোধী দল পিএএম এর মুখপাত্র খালেদ আদনুন বলেছেন, নির্বাচনের ফলাফলে তিনি সন্তুষ্ট। আমরা আগের চেয়ে ভালো করেছি। তবে পিজেডিকে সহায়তা করার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, কোয়ালিশন সরকারে তারা থাকবেন না।
 
২০১১ সালের সংবিধান অনুসারে যে দল সবচেয়ে বেশি ভোট পাবে সে দল থেকে প্রধানমন্ত্রী হবে। ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি আসন পাওয়ায় রাজা ষষ্ঠ মোহাম্মদ তাদেরকে কোয়ালিশন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন। আল জাজিরা