ভান্ডারিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শনিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভার বিভিন্ন এলাকার গৃহীত ও চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি এসব প্রকল্পের অগ্রগতি ও কাজের মান সম্পর্কে খোঁজ খবর নেন। যেসব প্রকল্প তিনি পরিদর্শন করেন তার মধ্যে রয়েছে: পূর্ব ভাণ্ডারিয়া বোসের খাল পুনঃখনন ও ফুটপাত নির্মাণ কাজ, ভাণ্ডারিয়া ৬৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহিলা কলেজ-কলেমা চত্ব্র-ওভারব্রিজ পর্যন্ত ফুটপাত নির্মাণ কাজ, ভাণ্ডারিয়া-কাঠালিয়া সড়ক ও জনপথের রাস্তা থেকে ৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বৃক্ষতলা পর্যন্ত সড়ক কার্পেটিং।
 
এ ছাড়া মন্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় চলমান ও নতুন কর্মসূচি নিয়ে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মৃতি বিজড়িত ৭৩ নম্বর পূর্ব ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ চালু করার সিদ্ধান্ত হয়।  উল্লেখ্য, মানিক মিয়া তাঁর পূর্ব পুরুষের বসত বাড়ি ‘পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ী’ সংলগ্ন এই প্রাচীন বিদ্যালয়টিতে তাঁর প্রাথমিক শিক্ষা শুরু করেন।
 
এ সব কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফায়জুর রশীদ খসরু, জাতীয় পার্টি-জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর সহায়ক কমিটির সদস্য গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জেপি নেতা ও পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, জাতীয় যুব সংহতির উপজেলা আহ্বায়ক শহীদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন প্রমুখ।
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তিন দিনের ভাণ্ডারিয়া সফর শেষে গতকাল শনিবার বিকালে ঢাকার উদ্দেশ্যে নিজ বাসভবন ত্যাগ করেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন মন্ত্রীকে বিদায় জানান।
 
 

ইত্তেফাক/এএন