ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। গত দশ দিনে এ নিয়ে বর্তমান ও সাবেক চারজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।
ওই শিক্ষার্থীর নাম হুজাইফা রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০১৪-১৫ সেশন) ছাত্র ছিলেন। ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রব্বানী বলেন, খুবই দুঃখজনক ঘটনা।
হুজাইফা বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গিতে তার নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দুইবার ইয়ারড্রপ করেছিলেন। পুনরায় ভর্তির পর এবছরও ঠিক মতো ক্লাস-পরীক্ষায় অংশ নেননি। এতে তিনি হতাশগ্রস্ত ছিলেন।
এর আগে গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক ছাত্রী, ১৪ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী লাইলা আঞ্জুমান ইভা ও ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক ছাত্রী আত্মহত্যা করেন।
ইত্তেফাক/আরকেজি