রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহীতে আবেদা খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। আবেদা রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মৃত্যু হয় তার।
 
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, উপজেলার বড়বড়িয়া এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো আবেদা। শনিবার রাতে পড়তে না বসায় তাকে বকেছিলেন তার নানি। এ নিয়ে অভিমান করে রাত ১১টার দিকে আবেদা কীটনাশক পান করে। পরে রাত ১২টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, এ ঘটনায় রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই