চাহিদার কথা ভেবে সরকারকে বড় বড় প্রজেক্ট করতে হচ্ছে : আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মানুষের চাহিদার কথা ভেবে সরকারকে বড় বড় প্রজেক্ট করতে হচ্ছে। বাংলাদেশের জিডিপি সাত অতিক্রম করেছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ পরিস্থিতিতে মানুষের জীবনমানের উন্নয়নের জন্য সামষ্টিক উদ্যোগও জরুরি। সেক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।
 
গতকাল রবিবার শিল্পকলা একাডেমিতে লায়ন্স ক্লাব, বাংলাদেশ জেলা ৩১৫’র সপ্তাপহব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, বিশ্বজুড়েই লায়ন্সরা দুখী মানুষের পাশে এসে দাঁড়ায়। লায়ন্সের অনেক সদস্যই সরকারের অংশ ছিলেন। তারা উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জানেন। তাই সরকারের পাশাপাশি লায়ন্সের মত মানবকল্যাণমুখী সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কথা। সেটা পরিমাণে বড় নাকি ছোট সেটা বিষয় নয়, মানুষের জন্য কাজ করার যে অভিপ্রায় এটাই গুরুত্বপূর্ণ। কেননা এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, অন্যদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, মানুষের উপকার করাই জীবনের ধর্ম, ইবাদতের শামিল। এ কাজ যিনি করেন তিনি স্রষ্টার প্রিয়পাত্র। স্কুলজীবন থেকেই আমি একটা জিনিস বুঝেছি মন দিয়ে কাজ করার কোনো বিকল্প নেই। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমার কাজ ঠিক মত করো। তা না হলে তুমি নিজেকে যেমন সম্মান করতে পারবে না; তেমনি কেউ তোমাকে মূল্যায়ন করবে না।
 
লায়ন্স ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অংশ হিসাবে লায়ন্স ক্লাব, বাংলাদেশ জেলা ৩১৫ এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাপনী দিনে পুরস্কার বিতরণ, শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন লায়ন মোসলেম আলী খান। সম্মানিত অতিথি ছিলেন লায়ন স্বদেশ রঞ্জন সাহা। সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজীউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম সহ-সভাপতি লায়ন রবিউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বিতীয় সহ-সভাপতি ক্যাপ্টেন মোঃ নুরুল হুদা। সপ্তাহব্যাপী এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন লায়ন ফজলে কাদের মুকুল। শপথবাক্য পাঠ করান শামসুন নাহার স্বপ্না। আলোচনায় অংশ নেন লায়ন হালিম পাটওয়ারী, লায়ন ইউসুফ আলী খান প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জুকে লায়ন জেলার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা গভর্নর কল্পনা রাজীউদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য লায়ন অ্যাওয়ার্ড অব প্রফেশনাল এক্সেলেন্স-২১০৬ প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীকে। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
 

ইত্তেফাক/এএন