আওয়ামী লীগ সভানেত্রী পদে শেখ হাসিনার বিকল্প নেই :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো দলের সভানেত্রী হবেন, এর কোনো বিকল্প নেই। গতকাল রবিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি আরো বলেন, আওয়ামী লীগের কঠিন সময়ে সভানেত্রী দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগকে সুসংগঠিত করে তিনবার দলকে ক্ষমতায় এনেছেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপির অংশ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি হবে। আর নতুন নেতাদের প্রধান চ্যালেঞ্জ হবে ২০১৯ সালের নির্বাচনে জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের হাতে আর মাত্র আড়াই বছর সময় হাতে রয়েছে। এ সময়ের মধ্যে যাতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেজন্য আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও দলীয় নেতা-কর্মীদের অত্যন্ত সচেতন থাকতে হবে।
 
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিশ্বের অন্য দেশ যখন জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে, তখন বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলতা পেয়েছে।
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএন