অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দাপুটে পারফর্মেন্সে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের ছুঁড়ে দেওয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
তবে এদিন ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। ইংলিশ অধিনায়ক জস বাটলার আচরণে কিছুটা অবাক ক্রিকেটপ্রেমীরা। এমনিতে মিষ্টিভাষী বাটলার এদিন আউট হওয়ার পর তেড়ে যান বাংলাদেশি খেলোয়াড়দের দিকে। মাঝে বাধা হয়ে দাঁড়ান আম্পায়ার। এরপর মাশরাফিও শান্ত করার চেষ্টা করেন বাটলারকে।
এরপর ম্যাচ শেষেও তামিমের সঙ্গে কথা কাটাকাটি। তখন পরিস্থিতি সামাল দেন সাকিব আল হাসান। তামিমকে টেনে নিয়ে যান ড্রেসিংরুমে। কি হয়েছিল আসলে তখন। দুই অধিনায়ক মাশরাফি ও বাটলার সেই জবাব দেন সংবাদ সম্মেলনে।
ম্যাচটা মূলত জিতে গেছে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারের আউটের মধ্য দিয়েই। তাই তার আউটের সময়ই জয়ের উল্লাসে ফেটে পড়ে টাইগাররা। কিন্তু এই উল্লাসে হতাশা সামলাতে পারলেন না বাটলার। ক্ষেপে গিয়ে তেড়ে যান মাহমুদ উল্লাহর দিকে। বাটলারের দাবি, উল্লাসের মাত্রা একটু বেশি হয়ে গেছে।
তবে এ বিষয়ে কোনো ক্ষোভ রাখেননি মন্তব্য করে তিনি বলেন, `বাংলাদেশ ক্রিকেটপাগল দেশ। খেলোয়াড়রাও একটু আবেগী। তাই আমি কিছু মনে করছিনা।'
অন্যদিকে মাশরাফি বলেন, তার নামের পাশে বসেছে ‘একটি ডিমেরিট পয়েন্ট’। কদিন আগেই আচরণবিধি–সংক্রান্ত নিয়মটি চালু করেছে আইসিসি। অবশ্য দলের আর কেউ জরিমানা কিংবা ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কি না, কাল রাতে জানা যায়নি। তবে বাটলার ও স্টোকস—দুটি ঘটনাই এড়িয়ে যেতে চাইলেন মাশরাফি, ‘বাটলারের সঙ্গে কী হয়েছিল জানি না। রিভিউ নেওয়ার সময় পুরো মনোযোগ আমার ওই দিকেই ছিল। সে আউট হওয়ার পর খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম। এর বেশি কিছু জানি না। এমন উত্তেজনার মুহূর্তে অনেক কিছু হয়ে যায়। দুই দলের খেলোয়াড়দের সেটি নিয়ন্ত্রণ করা উচিত। আর তামিম-স্টোকসের সময় আমি আগে ছিলাম, কিছু দেখিনি।’
বাংলাদেশের বেধে দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস তখন ২৮তম ওভারে। এই সময়ের মধ্যে ১২৩ রানে ৭ উইকেট পড়ে গেছে ইংল্যান্ডের। উইকেটে রয়েছেন ইংল্যান্ডের শেষ ভরসার অধিনায়ক জস বাটলার। তিনি ব্যাট করছেন ৫৭ রানে। উইকেটে টিকে থাকতে পারলে ইংল্যান্ড জয়ের কাছাকাছি চলে আসবে। এ পরিস্থিতিতে বল করতে আসলেন তাসকিন আহমেদ। প্রথম বলেই তাসকিনের বলে পরাস্ত হলেন বাটলার। জোরালো আবেদন। কিন্তু আউট দিলেন না আম্পায়ার। রিভিউ নিলো বাংলাদেশ।
রিভিউয়ে সিদ্ধান্ত আসলো বাটলার আউট। মূলত সেই উল্লাসেই ফেটে পড়ে টাইগাররা। আর এতেই চটে যান বাটলার। ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ