মির্জাপুরে পাগলা মহিষকে গুলি করে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি পাগলা মহিষকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
রবিবার উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, রবিবার ভোরে স্থানীয় লোকজন নাজিরপাড়া এলাকা থেকে ওই মহিষটিকে লালবাড়ি গ্রামে আসতে দেখে। মহিষটি কাউকেই দেখলেই তেড়ে কামড়াকে যাচ্ছিল। এ সময় গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
 
ইউপি মেম্বার মো. বিল্লাল হোসেন বিষয়টি ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়াকে জানান। তার পরামর্শক্রমে ইউপি মেম্বার গ্রামের লোকজনের সহযোগিতায় লালবাড়ি গ্রামের সুরেশ মণ্ডলের বাড়িতে ধাওয়া করে মহিষটিকে আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদকে খবর দেন। নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ দুপুরে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ সদস্য জাহিদ হোসেন ও এপিপিএনের সদস্য সোহেল রানা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে চায়না বোরের তিন রাউন্ড গুলি করে পাগলা মহিষটিকে হত্যা করা করে। হত্যার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় এটিকে মাটি চাপা দেয়া হয়।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ