মোরেলগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। 
 
রবিবার বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার।
 
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার ৯৫নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির হাওলাদার মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে অস্বীকারসহ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি অশালীন উক্তি ও কটাক্ষমূলক কথা বলেন। এছাড়াও ১১ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের অফিস কক্ষে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির প্রতি আঙ্গুল নির্দেশ করে বলেন,  ৪১ বছরের পঁচা লাশ নিয়ে টানা হেঁচড়া করার কি প্রয়োজন। ১৫ আগস্ট পালন করা আর্থিক অপচয় ও ছেলে মেয়েদের লেখা-পড়ার ক্ষতি ছাড়া আর কিছু নয়। স্বাধীন হয়ে আমরা কি পেয়েছি। শিক্ষক নাছির হাওলাদারের উপরোক্ত উক্তিতে ঘটনার সময় উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, এলাকার কোমলমতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে দারুন ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। 
 
অপরদিকে উক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির হাওলাদারের নানা অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের সংক্রান্ত অভিযোগের বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর সরজমিনে তদন্ত করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন উপজেলা শিক্ষা অফিসার।
  
এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোরেলগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।