সিনেমা জগতের কিংবদন্তী পোলিশ চলচ্চিত্র পরিচালক আন্দ্রেজেজ ওয়াজদা রবিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ওয়াজদার সিনেমা জগতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।
সূত্রটি আরো জানিয়েছে, ফুসফুস বিকল হয়ে পড়ায় হাসপাতালে ওয়াজদা মারা যান। তিনি কয়েক দিন ধরে কোমায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক অভিজ্ঞতা ও নাৎসিদের বিরুদ্ধে পোলিশদের প্রতিরোধের কাহিনীর ওপর ভিত্তি করে ওয়াজদা প্রথম চলচ্চিত্র তৈরি করেন। নাৎসি বাহিনী প্রায় ছয় বছর ধরে পোল্যান্ড দখল করে রাখে।
পোলিশ পরিচালক ও চিত্রনাট্যকার ক্রাজিসতোফ পিসিউজ বলেন, ওয়াজদা রাজনৈতিক বিষয়বস্তুকে ভিত্তি করে তার সিনেমাগুলো নির্মাণ করেন। ওয়াজদা ২০০০ সালে অস্কারের আজীবন সম্মাননা পান। চলচ্চিত্র সমালোচক টমাজ র্যাসেক টুইটারে বলেন, ‘তার মৃত্যুর শোক পোলিশ চলচ্চিত্র অঙ্গন দীর্ঘদিন বয়ে বেড়াবে।’ পোল্যান্ডের উত্তরপূর্বের সুওয়ালকিতে ১৯২৬ সালের ৬ মার্চ জন্ম গ্রহণকারী ওয়াজদা তার বাবার মতো একজন সৈনিক হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩৯ সালে সামরিক একাডেমির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি পোল্যান্ডের বিখ্যাত লোজ ফিল্ম স্কুলে পড়াশুনা করেন।
তার প্রথম ফিচার ফিল্ম ‘পোকোলেনি’। এটি ১৯৫৫ সালে নির্মিত হয়। ১৯৫৭ সালে ওয়াজদা ফ্রান্সের কান চলচ্চিত্র উত্সবে ‘কানাল’ সিনেমার জন্য জুরি স্পেশাল প্রাইজ পান।
ইত্তেফাক/এমএএস