বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রীনিবাসের বর্ধিত অংশের নির্মানাধীন ছাদ ধ্বসে এক শ্রমিক মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো ৭ শ্রমিক। সোমবার সন্ধ্যায় বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় মেডিকেল কলেজ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, টিএমএসএস মেডিকেল কলেজটির ৯তলা ছাত্রীনিবাসের তিন তলা বরাবর একটি গাড়ি বারান্দা নির্মাণে কাজ করছিলো কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে সেখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা ৬টার দিকে হঠাত্ করেই ঢালাই কাজ শেষ পর্যায়ে নির্মানধীন ছাদটির সাটারিংসহ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ঢালাই এর নীচে চাপা পড়া হতাহতদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেয়া হলে আব্দুর মোমিন ওরফে মামুন (৩৬) নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুরুতর আহতদের মধ্যে ৭ জনকে টিএমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় টিএমএসএস হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কর্তৃপক্ষেরও কেউ কোনো কথা বলতে রাজি হননি।
ফায়ার সার্ভিসের বগুড়া স্টেশনের উপ-পরিচালক ইউনুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভবত নির্মানাধীন ছাদের খুঁটি গুলো দুর্বল ছিল । সে কারণেই এই ধসের ঘটনা ঘটতে পারে।