খুলনায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার ভোরে নগরীর খানজাহান আলী থানার বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্বামী-স্ত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে নগরীর বাদামতলা এলাকার আনিস মোড়ল সড়কের বাসিন্দা শেখ তৈয়েবুর রহমানের বাড়ির জানালার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। তারা গৃহকর্তা শেখ তৈয়েবুর রহমান (৪৮) ও তার স্ত্রী জিনিয়া বেগমকে (৩৭) কুপিয়ে জখম করে। যাওয়ার সময় তারা সোমবার ব্যাংক থেকে আনা নগদ ১ লাখ ৫৭ হাজার টাকা এবং ৫/৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ইত্তেফাক/এমআই