ঈশ্বরদীর রূপপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ৪৭ দিন অতিবাহিত হলেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় এবং দ্রুত দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে আবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।
সোমবার সকালে ঈশ্বরদীর দাশুড়িয়াতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের পাবনা জেলা কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাকশীর কমান্ডের হবিবুল ইসলাম হব্বুল, দাশুড়িয়ার ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সিপিবি’র আব্দুর রাজ্জাক, পাকশীর আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
আরো পড়ুন: কারখানা নয় সুন্দরবনে পাশে হোক পর্যটন কেন্দ্র: বন উপমন্ত্রী
গোলাম মোস্তফা চান্না মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের সঙ্গে নিহত মুক্তিযোদ্ধার কন্যা লোপা পিতা হত্যার প্রকৃত দোষীর শাস্তি দাবি করেন। মানববন্ধনে ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/অনি