মাঠের খেলাতেই নজর মাশরাফির

তৃতীয় ওয়ানডের আগে সাংবাদিক সম্মেলনে মিরপুরের জস বাটলারের সঙ্গে বাদানুবাদের বিতর্ক বিষয়ে কথা বলতে হয়েছে অধিনায়ক মাশরাফিকে। বুধবারের সিরিজ নির্ধারণী ম্যাচে নামার আগে টাইগার অধিনায়ক সেই ঘটনাকে অতীতে ঠেলে বলেছেন, ওই সংক্রান্ত আলোচনা-সমালোচনা তাকে স্পর্শ করেনি এবং মাঠের খেলাতেই নজর রাখছেন তিনি।
 
রবিবার দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের অধিনায়ক ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের আউটের পরই আনন্দ-উল্লাসে মেতে উঠে বাংলাদেশ দল। কারণ ঐ সময় বাটলারই ইংলিশদের শেষ ভরসা ছিলেন। তাই ইংল্যান্ডের শেষ ভরসা ও বাংলাদেশের কাটা পড়ে যাওয়ায় পিচের কাছেই বাধ-ভাঙ্গা আনন্দ করেন মাশরাফি-সাব্বির-মাহমুদুল্লাহ’রা। মাশরাফি ও সাব্বির রহমানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাটলার এর সূত্রপাত করলেও তাকে তিরস্কার করে ছেড়ে দেয়া হয়েছে।
 
এই প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করবেন কি-না তা জানতে চাওয়া হয়েছিলো মাশরাফির কাছে। মনের আনন্দে উল্লাস করে জরিমানা দেয়া মাশরাফি অবশ্য দুঃখ প্রকাশের কিছুই দেখছেন না। তিনি বলেন, ‘আমরা কোন ভুল কিছু করিনি। দুঃখিত বলার কিছু নেই। আমরা শুধুমাত্র উদযাপন করেছি। এখানে আমাদের দুঃখপ্রকাশ করার কিছু নেই। যা হয়েছে, ম্যাচ রেফারি দেখেছেন। আমি এখনও মনে করি, ছেলেরা শুধুমাত্র উদযাপন করছিল। এর চাইতে আর বেশি কিছু না।’
 
শাস্তি, আলোচনা-সমালোচনা মাশরাফির মনে দাগ কাটতে পারেনি, ‘আলোচনা-সমালোচনা আমাকে স্পর্শ করেনি একবারের জন্যও। আমার আর সাব্বিরের ২০ শতাংশ জরিমানা হয়েছে, এই তো। তবে ওসব দিকে একদমই নজর ছিল না। ম্যাচ রেফারি দেখেছেন। ভুল যা পেয়েছে, সে অনুযায়ী জরিমানা করেছে। আমারও নিজের কাটা হয়েছে। আমি সেটা মেনে নিয়েছি। ভাবছিও না। সবকিছুর ওপরে ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমরা চেষ্টা করব মাঠের খেলা ঠিকমত খেলতে।’
 
তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে দুই দল। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তার দল। মাশরাফি বলেন, ‘আমরা ম্যাচ জিততেই মাঠে নামবো। আমাদের চেষ্টা থাকবে ম্যাচ জয়।’ মাঠের খেলার বাইরে অন্য কিছুতে মনোযোগ দেবেন না বলে তিনি বলেন, আমরা জয়ের লক্ষ্য নিয়েই এখানে খেলতে এসেছি। তবে এর বাইরে কেউ যদি অন্য কিছু নিয়ে ভাবে এবং জিততে চায়, তাহলে আমি বলব ওটা অপ্রয়োজনীয় চাপ নেওয়া হবে। আমরা আমাদের সাধারণ খেলাটা খেলতে পারলেই হবে। এর বাইরে আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না। ক্রিকেটেই মন দিতে চাই আমরা। ম্যাচ ও সিরিজ নিয়েই আমাদের ভাবনা।’
 
তবে এ ম্যাচেও বাংলাদেশকে ফেভারিট মানছেন না মাশরাফি। কারণ দল হিসেবে ইংল্যান্ড অনেক শক্তিশালী এবং ভালো খেলছে বলছে জানান ম্যাশ, ‘সিরিজ শুরুর আগেই বলেছিলাম, ইংল্যান্ড ভালো খেলছে। দল হিসেবে তারা শক্তিশালী। সিরিজের প্রথম দু’ম্যাচেও ভালো খেলেছে ইংলিশরা। কিন্তু আমরাই সব বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারিনি। পরের ম্যাচটি আমাদের জন্য খুব বড় ম্যাচ। চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলতে। তবে আমরা নিজেদের ফেভারিট ভাবছি না।’ বাসস।
 
ইত্তেফাক/এসএসএ