রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় চান্স পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক ভর্তিচ্ছুর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে এক কলেজ ছাত্রকে মতিহার থানা পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে তাকে পুলিশে দেয়া হয়।
আটককৃত ওই শিক্ষার্থীর নাম আজিম উল হক রাশেদ। রাশেদ নাটোরের নবাব সিরাজউদ্দৌলা (এনএস) কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, রাবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪-২৭ অক্টোবর। ভর্তি পরীক্ষায় যোবায়ের নামের এক ভর্তিচ্ছুকে চান্স পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক লাখ ২৫ হাজার টাকা দাবি করে রাশেদ। রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর মাধ্যমে ওই ভর্তিচ্ছুকে ভর্তি করানো হবে বলে তাকে আশ্বাস দেন রাশেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাশেদ সেই টাকা নিতে কাজলা বাজারে উপস্থিত হয়। বিষয়টি ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভাই রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমার নাম ভাঙিয়ে ভর্তি পরীক্ষায় প্রতারক চক্রের এক সদস্য টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। জানতে পেরে তাকে পুলিশে সোপর্দ করেছি।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, প্রতারণার অভিযোগে আটক রাশেদকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রমান পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।