কেন্দুয়া উপজেলা পরিষদ সড়কের বেহাল অবস্থা

কেন্দুয়া উপজেলা পরিষদ সড়কের সাজিউড়া মোড় থেকে আবু সাদেক অটোরাইস মিল পর্যন্ত আধা কি.মি সড়ক করুণ অবস্থায় রয়েছে। সড়ক জুড়ে ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা এ সড়ক পথে ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। এরই মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট দুর্ঘটনাও ঘটেছে।
 
পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে পৌরসভার নির্মাণ করা ড্রেনগুলো দীর্ঘদিন যাবত্ আবর্জনায় ভরাট হয়ে আছে। তাই অল্প বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে কাদা সৃষ্টি হয়। সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
 
সড়কটির দুই পাশে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়, ল্যাবরেটরী স্কুল, কোয়ালিটি লারনার্স স্কুল, আয়শা-সালাম একাডেমিসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে এ বেহাল সড়কের কাদাপানি মাড়িয়েই প্রতিদিন যাতায়াত করছেন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। অথচ এখন পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার জানান, রাস্তাটি পৌরসভার। তাই আমাদের কিছু করার নেই।
 
এ দিকে কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা চিকিত্সার জন্য দেশের বাইরে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব না হলেও পৌরসভার সচিব দেবাশিস দাস জানান, সড়কটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সমন্বয় সভায়ও মেয়র স্যার কথা বলেছেন। অচিরেই রাস্তাটি সংস্কার ও দুই পাশে ড্রেন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানাব।
 
ইত্তেফাক/এএন