কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছে। নিহত আক্তারুজ্জামান ব্রিটিশ (৩০) উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের নিমতলা কলেজ সংলগ্ন মাঠে সাত-আটজনের একদল লোকের ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা গোলাগুলিতে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ব্রিটিশকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী একটি সাটার গান, তিন রাউন্ড বন্দুকের তাজা গুলি ও একটি হাসুয়া জব্দ করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, ব্রিটিশ ডাকাতি ও চাঁদাবাজিসহ ছয় মামলার আসামি।
ইত্তেফাক/এএসএমইউ