অর্ধশত করতে পারলেন না সাব্বির

অর্ধশত রান থেকে এক রান দূরে থাকতেই ফিরে গেছেন সাব্বির রহমান। রশিদের স্পিনে ব্যাটের কোণায় লেগে উইকেটের পেছনে বাটলারের হাতে ধরা পড়েছেন তিনি।
 
৩৩ ওভার চলাকালীন ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে বাংলাদেশ।
 
দলীয় ১২২ রানে তৃতীয় উইকেট হিসেবে মাহমুদুল্লাহ রশিদের বলে বেয়ারস্টোর ক্যাচে পরিণত হওয়ার পরে মুশফিকের সঙ্গে সাব্বিরের অর্ধশত রানের জুটি গড়ে ওঠে। বিপদজনক সেই জুটি রশিদ ভাঙেন সাব্বিরকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। দলীয় ১৭৬ রানে আউট হওয়ার আগে ৪৬ বলে ৪৯ রান করেছিলেন তিনি।  
 
এর আগে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ভালো শুরুর পরে ফিরে গেছেন বাংলাদেশের দুই ওপেনার। বেন স্টোকসের বলে দলীয় ৮০ রানে ইমরুল ফিরে যাওয়ার পরে আদিল রশিদের শিকার হয়ে ফিরে যান তামিমও। 
 
বেন স্টোকসের করা ১৯তম ওভারের শেষ বলে ডসনের হাতে ধরা পড়েন ইমরুল। আউট হওয়ার আগে ৫৮ বলে ৪৬ রান করেছিলেন ইমরুল, ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ইমরুল ফিরে যাওয়ার পরে আদিল রশিদের করা ২৩তম ওভারে ভিন্সের হাতে ধরা পড়েন তামিমও। আউট হওয়ার আগে ৬৮ বল খেলে ৫টি চারে ৪৫ রান করেছিলেন তিনি।