খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালকে জরিমানা

অবৈধভাবে ব্লাড ব্যাংক পরিচালনা, প্যাথলজি রিপোর্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ানের স্বাক্ষর করা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজি পরীক্ষার কেমিকেল) ব্যবহারের অভিযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানসহ (৫৯) পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।   
 
বুধবার দুপুরে র‌্যাবেব ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ অর্থ দণ্ড প্রদান করে। 
 
র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব-৬-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম এবং স্পেশাল কোম্পানি কমাণ্ডার সিনিয়র পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমানসহ অভিযুক্ত অন্যরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক (হাসপাতাল) ডা. সুভাষ কুমার সাহা (৬২), উপ-পরিচালক (প্রশাসন) ডা. এবিএম মাহবুবুল হক (৬৩), প্যাথলজি ইনচার্জ জেমস তরুণ সরকার (৮১) ও ল্যাব টেকনিশিয়ান মো. বাহারুল ইসলাম (২৫)।
 
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ বলেন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের অনুমোদন না থাকলেও এখানে অবৈধভাবে ব্লাড ব্যাংক পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া এখানে প্যাথলজি রিপোর্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ানের  স্বাক্ষরকৃত রিপোর্ট রোগীকে দেয়া হয়। এ হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) এবং ব্লাড জব্দ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি