মিয়ানমারের রাখাইন রাজ্যে ৪ সৈন্য নিহত

মিয়ানমারের গোলযোগপূর্ণ রাখাইন রাজ্যে সহিংসতায় চার সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার একদল বিক্ষুব্ধ লোক হামলা চালিয়ে সেনাসদস্যদের হত্যা করে। গত তিন দিন ধরে সহিংসতা চলছে রাজ্যটিতে।
 
প্রায় ৩০০ জন সশস্ত্র লোক সেনা সদস্যদের ওপর হামলা চালায়। হামলাকারীদের কাছে পিস্তল, তলোয়ার ও ছুরি ছিল বলে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছে সেনাবাহিনী।
 
গত সপ্তাহের শেষে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পুলিশের ওপর সমন্বিত হামলায় ৯ পুলিশ প্রাণ হারিয়েছিল।
 
তবে ঠিক কারা এই সশস্ত্র হামলাগুলো চালাচ্ছে সে সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে বলে ইয়াঙ্গুন থেকে বিবিসির জন ফিশার জানিয়েছেন। দীর্ঘদিন থেকে রাজ্যটিতে বৌদ্ধ ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সংঘাত চলছে। সাংবাদিকদেরকে সংঘাতপূর্ণ এলাকাগুলোয় যেতে দেয়না দেশটির কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার জন্য সাধারণত রোহিঙ্গাদের দায়ী করা হয়। সর্বশেষ এই হামলাগুলোর পেছনেও রোহিঙ্গারা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস