নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে কোস্টগার্ড ও মত্স্য বিভাগের একটি টিম ১১ জেলেকে আটক করে। এর মধ্যে ৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল কাসেম, আবু তাহের, আবদুল, সোহেল, রিয়াজ ও ফারুক।
ভোলার সিনিয়র উপজেলা মত্স কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, কোস্টগার্ড ও মত্স্য বিভাগের একটি টিম ভোলা সদরের মেঘনায় বুধবার অভিযান চালায়। এ সময় ভোলা সদরের ভাংতির খাল, রামদাসপুর ও ভোলার খাল পয়েন্টে অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করে। এদের মধ্যে ৬ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের এক বছর করে কারাদন্ড প্রদান করে। অন্যদিকে অপর আটক ৫ জন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ভোলা সদর সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আরো জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ আহরন, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।
ইত্তেফাক/এএম।