মানিকগঞ্জে দেশের সর্ব বৃহৎ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলার গড়পাড়া ইমাম বাড়ি থেকে তাজিয়া মিছিল বের হয়। দেশের বিভিন্ন জেলার ভক্তবৃন্দের পাশাপাশি বিদেশিরাও তাজিয়া মিছিল অংশগ্রহণ করেন।
মহরম উপলক্ষে গড়পাড়া ইমাম বাড়ি প্রাঙ্গনে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
গড়পাড়া ইমাম বাড়ি ছাড়াও সেওতা, দাশড়া ও কাটিগ্রাম থেকে ৩টি তাজিয়া মিছিল বের হয়। কিন্তু নিরাপত্তার স্বার্থে এবার তাজিয়া মিছিলে কোন প্রকার সহ অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে জেলা পুলিশ প্রশাসন। তাই এবারের তাজিয়া মিছিলে পতাকা, ঘোড়া ছাড়া কোন অস্ত্র দেখা যায়নি। সন্ধ্যায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে শোকসভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরিফে পীর শাহ মোখলেসুর রহমান জানান, ১৯২১ সালে গড়পাড়া ইমাম বাড়ি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠা করেন সে সময়কার অন্যতম ইসলামিক চিন্তাবিদ সাধক পুরুষ হযরত শাহ খলিরুর রহমান (রঃ) । মানিকঞ্জে ইসলাম বিস্তারে অসামান্য ভূমিকা রাখা এ সাধক পুরুষ কার্যত তার মাতার ইচ্ছার প্রাতিষ্ঠানিক রুপ দেন । তার মাতা মোসাম্মদ বিবি মরিয়ম জন্ম সূত্রে ছিলেন ভারত বিহার প্রদেশের ভাগলপুর জেলার মোজফফরপুরের বাসিন্দা।
পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, নিরাপত্তার কারণে এবার তাজিয়া মিছিলে কোন প্রকার অস্ত্র প্রদর্শনের অনুমতি দেয়া সম্ভব হয়নি। নিরাপত্তায় এবার পুলিশের পাশাপাশি র্যাব-৪-এর একটি টিম দায়িত্বে ছিল।
ইত্তেফাক/ইউবি