মাগুরার নবগঙ্গা নদীতে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। মাঝি-মাল্লাদের ‘হেঁইয়া...হেঁইয়ারে’ গানের সুরে শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা।
এ সময় বিভিন্ন বয়সের হাজার-হাজার দর্শনার্থীর করতালিতে নবগঙ্গা নদীর দুই পাড়ের তিন কিলোমিটার এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। উত্তেজনা আর উৎসাহ-উদ্দীপনা মাঝে চারটি নৌকা নিয়ে মাঝি-মাল্লারা বাইচে অংশ নিতে থাকে। যা বিরতিহীনভাবে সন্ধ্যা পর্যন্ত চলে।
প্রতিযোগীতায় রাজবাড়ীর করিম মণ্ডলের নৌকা প্রথম, মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বর গাতির ধীরেন্দ্র নাথের নৌতা ২য় এবং আখনাড়ার দীপক রায়ের নৌকা ৩য় স্থান অধিকার করেন।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
নৌকা বাইচ উপলক্ষে মালন্দ পঞ্চবটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসে বিশাল গ্রামীণ মেলা। মেলায় মিষ্টি-মিঠাই, চুরি-ফিতা, খেলনা নানা নিত্য ব্যবহার্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মালন্দ রামকৃষ সংঘ দুর্গাপূজা উপলক্ষে এই নৌকা বাইচের আয়োজন করেন।
ইত্তেফাক/কেকে