খাগড়াছড়িতে পাঁচ বাঙালি সংগঠনের হরতাল চলছে

 
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬ জাতীয় সংসদে পাশ করার প্রতিবাদে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে প্রথম ধাপের হরতাল শুরু হয়েছে। হরতালের সমর্থনে খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে রয়েছে বাঙালি সংগঠনের নেতাকর্মীরা। 
 
সকালে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা শহরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। পরে পার্বত্য ভূমি কমিশন কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এদিকে হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। 
 
রাতে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোকে পুলিশি নিরাপত্তায় শহরে প্রবেশ করানো হয়েছে। অন্যদিকে ঘুরতে আসা পর্যটকদের পুলিশ প্রহরায় পর্যটন স্পটে পৌছে দেয়ার ব্যবস্থা করেছে পুলিশ। উপজেলাগুলোতেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। আগামী রবিবার দ্বিতীয় ধাপের হরতাল পালিত হবে। 
 
এর আগে রবিবার সন্ধ্যায় পার্বত্য পরিষদের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বৃহস্পতিবার ও রবিবার ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য পরিষদসহ পাঁচটি বাঙালি সংগঠন।
 
 
ইত্তেফাক/কেকে