কুমিল্লায় স্বপন রেজা (২৯) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
বুধবার অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ভারতীয় সদস্যসহ দুইজনকে আটক করে অপহৃত ওই যুবককে উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, স্বপন রেজা নামের এক যুবককে ভারতীয় সীমান্ত এলাকায় দুই দেশের অপহরণকারী সিন্ডিকেট আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে র্যাব নগরীর রামঘাট এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা ভারতের ত্রিপুরা রাজ্যের কাঁঠালিয়া জেলার যাত্রাপুর থানার দুর্লভপুর গ্রামের মাছুম মিয়া (২২) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া গ্রামের কলিম উদ্দিনকে (১৯) গ্রেফতার করে।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম সীমান্তের চিরপুর এলাকা থেকে অপহৃত স্বপনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি রাজশাহীর বোয়ালিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মানিক শেখের ছেলে।
তিনি আরো জানান, পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ইত্তেফাক/এএসএমইউ