রাজশাহীতে অপহৃত প্রকৌশলীকে উদ্ধার দাবিতে মানববন্ধন

গণপূর্ত অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অপহৃত উপ-সহকারী প্রকৌশলী নাফিজ আহমেদকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহকর্মী ও পরিবারের সদস্যরা। 
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণপূর্ত অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন নিজ অফিসের প্রধান ফটকের সামনে থেকেই প্রকৌশলী নফিজ আহমেদকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়  দুর্বৃত্তরা। তার উদ্ধার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় সিঅ্যান্ডবি মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। তবে অনুমতি না থাকায় পুলিশ সেখানে মানববন্ধন করতে বাধা দেয়। এ সময় সেখান থেকে ফিরে গিয়ে অফিস চত্বরেই মানববন্ধন করেন নফিজের সহকর্মী ও পরিবারের সদস্যরা। 
 
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি আবুল আশরাফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য দেন- রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশের জেলা শাখার সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অপহৃত প্রকৌশলী নাফিজ আহমেদের বাবা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, মা নার্গিস আখতার ও স্ত্রী শামিমা আখতার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি