আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, 'বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার দিক-নির্দেশনাসহ চূড়ান্ত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র। এ ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে।'
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে উপ-কমিটির বৈঠকে তিনি একথা জানান। আগামী ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির ২০তম জাতীয় সম্মেলন সফল করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের এই নেতা জানান, যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মত এবারও আমাদের ঘোষণাপত্রে থাকবে। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে।
২০২১ সালে মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য গৃহীত ১০টি মেগাপ্রকল্পের ঘোষণা থাকবে। যা বাস্তবায়ন হবে ২০৪০ সালের মধ্যে। যা সম্পূর্ণ হলে দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে।
শেখ সেলিম বলেন, 'আওয়ামী লীগের এ ঘোষণাপত্রে সামাজিক নিরাপত্তার কথা রাখা হয়েছে। সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর এবং সরকারের গৃহীত পদক্ষেপের কথাও উল্লেখ থাকবে।'
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কমিটির সদস্য বেগম মতিয়া চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহা উদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস