আওয়ামী লীগ কোনো দেশের শক্তির ওপর নির্ভরশীল দল নয়: আমু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ পরনির্ভরশীল কিংবা অন্য কোনো দেশের শক্তির ওপর নির্ভরশীল দল নয়। আওয়ামী লীগ এই দেশের তৃণমূল নির্ভরশীল দল। 
 
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ: ইতিহাস, গৌরব, ঐতিহ্য’ শীর্ষক সেমিনারে তিনি আরো বলেন, ভারতে বিজেপি ক্ষমতায় আসে তখন আমাদের অনেক বন্ধু বগল বাজিয়েছেন। তারা মনে করেছে-এবার বুঝি আওয়ামী লীগ শেষ হয়ে গেছে।
 
আমির হোসেন আমু বলেন, বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে রয়েছে আওয়ামী লীগের নাম। তিনি বলেন, বাংলাদেশ সমুদ্র সীমার জন্য ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এ সীমা অর্জন করেছে। আওয়ামী লীগ নিজের অধিকার আদায়ে কাউকে ছাড় দেয় না। 
 
তিনি বলেন, আওয়ামী লীগ যে আন্দোলন করে তা শুধু আন্দোলন নয় মানুষকে কিছু দেওয়ার জন্যই আন্দোলন করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ কিছু পায় আর না থাকলে কিছুই পায় না এটা প্রমাণিত। 
 
সভাপতির বক্তব্যে প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘বৃদ্ধ এবং তরুণরা একসঙ্গে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি। আমাদের আসন্ন যে সম্মেলন হবে, সেখানে নিশ্চয় তরুণদের অনেক আগমন হবে। অনেক পরিবর্তন হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটা বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব।’