তিস্তার ভাঙনে হুমকির মুখে ফ্লাড শেল্টার ও মাদ্রাসা

গঙ্গাচড়ায় আবারো তিস্তার ভাঙনে হুমকির মুখে পড়েছে ফ্লাড শেল্টার ও সাউথপাড়া ইসলামিয়া বহুমুখি আলিম মাদ্রাসা। সেই সাথে বিলীন হচ্ছে ঘরবাড়ি, মার্জিনাল ডাইক ও আবাদি জমি। এতে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙন এলাকা থেকে মাদ্রাসার দূরত্ব ১০০ ফুট। আর এই একশ’ ফুট ভাঙলে ভাঙন এসে ঠেকবে মাদ্রাসায়। মার্জিনাল ডাইকে বসবাসকারী আবু তালেব তার বাড়ির গাছপালা কেটে নিচ্ছে। তা ছাড়া আতিয়ার, রবি, তৈয়ব আলী, রিয়াজুল, আলেফ উদ্দিন, রাশেদাসহ অনেকের বাড়ি হুমকির মুখে। স্থানীয় লোকজন জানান, কয়েকদিন থেকে বর্ষণ ও উজানী ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান হাজীপাড়া ও সাউথপাড়া এলাকায় আবারো ভাঙন দেখা দেয়। এ বছর এসব এলাকায় প্রায় ৩শ’ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। তা ছাড়া সাউথপাড়া এলাকায় মার্জিনাল ডাইকসহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সমপ্রতি রংপুর পানি উন্নয়ন বোর্ড মার্জিনাল ডাইকের ভাঙন ঠেকাতে ২০০ বস্তা বালি ভর্তি জিও ব্যাগ ফেললেও কোনো কাজ হয়নি। ভাঙন অব্যাহত রয়েছে।
 
সাউথপাড়া ইসলামিয়া বহুমুখি আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন বলেন, খুব বিপদের মধ্যে আছি। যে কোনো সময় ভাঙন এসে আঘাত করতে পারে।
 
আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, স্থানীয় সরকার, পল্ল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার উদ্যোগে তিস্তা নদী শাসনের জন্য সমপ্রতি ১২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করছি আগামী শুকনা মৌসুমে নদী শাসনের কাজ শুরু হবে।
 
ইত্তেফাক/এএন