কক্সবাজারের রামু উপজেলা পরিষদ সংলগ্ন সাংবাদিক আবীর বড়ুয়া সড়ক, আমতলিয়া পাড়ার বিস্তীর্ণ এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগীরা জানান, শ্রীধন পাড়া, আমতলিয়া পাড়ার ৫০০ পরিবারের লোকজন, প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী দিনের পর দিন এই ভয়ঙ্কর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। তারা আরো জানান, তাদের এলাকায় বসবাসরত লোকেরা প্রতিনিয়ত চর্মসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
এদিকে শহরের জলাবদ্ধতা সমস্যা নিরসনের উপায় খুঁজতে বুধবার সরজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। এ সময় তিনি বৃষ্টির পানিতে ডুবে থাকা আমতলিয়া পাড়ার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জরুরি ভিত্তিতে ড্রেন ও রাস্তা সংস্কার করে এই এলাকার দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব করা হবে বলে আশ্বাস দেন।
তিনি আরো বলেন, চৌমুহনী স্টেশন ও আশপাশের এলাকার বৃষ্টির পানি আমতলিয়া পাড়ায় এসে জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় সামান্য বৃষ্টিতে দিনের পর দিন মারাত্মকভাবে জলাবদ্ধতা লেগে থাকছে। পানি নিষ্কাশনের স্বার্থে ড্রেন নির্মাণ ও সড়কে মাটি ভরাট করে আরও উঁচু রাস্তা নির্মাণসহ খুব দ্রুত নানা উদ্যোগ নিয়ে এ এলাকার জলাবদ্ধতা দূর করা হবে। এ সময় ব্যবসায়ী জয়নাল আবেদীন, টিটু বিশ্বাস, জহির আলম, ওসমান সওদাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন