রাজার মৃত্যুতে থাইল্যান্ডে মাসব্যাপী পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত

 
থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে শোক পালন করছে থাইল্যান্ডের সকল শ্রেণীর নাগরিক। ৭০ বছর সিংহাসনে কাটিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুর সময় থাই রাজার বয়স হয়েছিল ৮৮ বছর।
 
রাজার মৃত্যুতে দেশটি ৩০ দিন শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আগামী ৩০ দিন দেশের সকল স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে। এ সময় সাধারণ মানুষকে সাদা-কালো পোশাক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে এই ৩০ দিন যে কোন উৎসবের পোশাক ব্যবহার বা উৎসব পালন থেকে বিরত থাকার জন্য সাধারণ নাগরিকদের জানিয়েছে থাই সরকার।
 
 
এদিকে ব্যাংককের রাস্তায় সারারাত শোকের মাতমের পর দিনের বেলায় দেখা যায় কালো পোশাক পড়া মানুষের সারি। মূল শহরে রাস্তার দুই পাশ কালো পোশাক পরা অধিকাংশ মানুষের হাতে ছিল থাই রাজার ছবি।
 
এসোসিয়েট প্রেস থাইল্যান্ডের এক নাগরিকের বক্তব্য রেকর্ড করে। সেখানে রাজার মৃত্যু সম্পর্কে সেই নাগরিক জানায়, রাজার মৃত্যুতে আমার অনুভূতি কেমন তা আসলে বলার মত নয়। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একজনকে হারিয়েছি। আমার মনে হচ্ছে তার জন্য তেমন কিছুই করতে পারিনি আমি। আমার তার জন্য আরো অনেক কিছু করা উচিত ছিল।
 
 
উল্লেখ্য, রাজা ভূমিবল ক্ষমতায় থাকাকালে থাইল্যান্ডে বেশ কয়েকবার রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। রাজা হিসেবে রাজনৈতিক অস্থির অবস্থাকে দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছিলেন তিনি। থাইল্যান্ডের অধিকাংশ মানুষ তাদের রাজাকে প্রচণ্ড শ্রদ্ধা করে। দেশটির অনেকে বিশ্বাস করে তাদের রাজা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ