খুলনায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

 
খুলনায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর মানিকতলায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন (৩৮) যশোরের শিল্প শহর নওয়াপাড়া থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার খুলনার খানজাহান আলী থানা প্রতিনিধি ছিলেন।
 
দৌলতপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান, সাংবাদিক জাহাঙ্গীর শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার বাড়ি থেকে মোটরসাইকেলে ফুলবাড়ী গেটের দিকে যাচ্ছিলেন। তিনি খুলনা-যশোর মহাসড়কের মানিকতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। 
 
পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপর এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। ঘাতক বাসটি আটকের জন্য নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে অভিযান শুরু করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।
 
 
ইত্তেফাক/কেকে