আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করবেই।
শুক্রবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়াদী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির শৃঙ্খলা উপ-কমিটির এক বৈঠকে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িকতাকে পরাজিত করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করাই আওয়ামী লীগের এ সম্মেলনের অঙ্গীকার।
তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর এবং সমান সংখ্যক ডেলিগেটর অংশগ্রহণ করবেন। সম্মেলনে কাউন্সিলর ডেলিগেটর ছাড়াও দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
বিশ্বের ১৫টি দেশের রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সবচেয়ে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূতভাবে সম্পন্ন হবে।
আগামী ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।-বাসস।
ইত্তেফাক/এএসএস