রায়পুরে নিখোঁজ জেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ২ দিন পর জহিরুল ইসলাম (৩৫) নামে এক জেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়নের হাজীমারা স্লুইচগেইট সংলগ্ন মেঘনা নদীর শাখা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকায় রয়েছেন।
 
হত্যার শিকার জহির চর কাচিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির আলী হোসেন ভূঁইয়ার মেঝো ছেলে। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী একই এলাকার দাদন মাঝির ছেলে জাকির হোসেন মুহুরী নামের একজনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
 
জহিরের বড় ভাই আলমগীর হোসেন জানান, বুধবার রাত ৮টায় হাজীমারা বাজার থেকে জহিরুল ইসলাম নিখোঁজ হয়। তার স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। আজ শুক্রবার বিকালে স্থানীয় লোকজন মেঘনার শাখা খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনলে তারা শনাক্ত করেন। লাশের গলাকাটা, পেটকাটা ও চোখ উৎপাটনসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চি‎হ্ন দেখা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জহিরকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে তাঁর দাবি। 
 
রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াহিয়া জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম ও রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাস্থলে রয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জাকির হোসেন নামে একজন আটক আছেন।
 
 
 
ইত্তেফাক/রিপোর্ট