রায়পুরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর জহিরুল ইসলাম (৩৫) নামে এক জেলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার বিকেলে উপজেলার হাজীমারা স্লুইচগেট সংলগ্ন মেঘনা নদীর শাখা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 
 
জহিরুল চর কাচিয়া গ্রামের আলী হোসেন ভূইয়ার ছেলে। এ ঘটনায় এলাকাবাসী একই এলাকার দাদন মাঝির ছেলে জাকির হোসেন মুহুরী নামে একজনকে পিটুণি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 
 
জহিরের বড় ভাই আলমগীর হোসেন জানান, বুধবার রাত ৮টায় হাজীমারা বাজার থেকে জহিরুল ইসলাম নিখোঁজ হন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর থানায় একটি ডায়েরি করা হয়। শুক্রবার বিকালে স্থানীয় লোকজন মেঘনার শাখা খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনলে তারা শনাক্ত করেন।
 
রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াহিয়া জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জাকির হোসেন নামে একজন আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি