আওয়ামী লীগের কাউন্সিলে থাকবেন ১৫ দেশের প্রতিনিধি: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এবারের কাউন্সিলে বিশ্বের ১৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। শুক্রবার সকালে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য গঠিত শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে তিনি এই তথ্য জানান।
 
ওবায়দুল কাদের বলেন, দেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর এবং সমান সংখ্যক ডেলিগেট অংশগ্রহণ করবেন। সম্মেলনে কাউন্সিলর ডেলিগেট ছাড়াও দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
 
দেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সবচেয়ে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শৃঙ্খলা থেকে অন্যান্য প্রস্তুতির দিক থেকে আওয়ামী লীগের এ সম্মেলন দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
 
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এ সম্মেলনে দু’হাজার স্বেচ্ছাসেবক এবং দু’শ নারী স্বেচ্ছাসেবী সম্মেলনের সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। আগামী ১৯ অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতির সকল কাজ শেষ করা হবে।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম,  যুবলীগের চেয়ারম্যান ওমর ফুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।