শ্রীলঙ্কার সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার কেন্দ্রীয় সীমা বিহার, ১০০ শত ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি এবং বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রসহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন।
এ সময় শ্রীলঙ্কার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ডি স্বর্ণপালা, অতিরিক্ত সচিব কে পি এ বার্ণাড ডি সিলভা বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় ও মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার তারা শহরের অগ্গমেধা বৌদ্ধমন্দির পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে তাদের সম্মানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এ সময় শ্রীলঙ্কার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ডি স্বর্ণপালা বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্রের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে দুদেশের সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরো জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করেন।
ইত্তেফাক/ইউবি